ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » অসমাপ্ত সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ,দূর্ভোগে জনগণ

অসমাপ্ত সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ,দূর্ভোগে জনগণ

মোঃ আকরাম হোসেন,গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর–বরমী আঞ্চলিক সড়কের সংস্কারকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সড়কের একটি অংশের কাজ বন্ধ থাকায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এর প্রতিবাদে সোমবার (৩ আগস্ট) দুপুরে নয়নপুর বাজার এলাকায় অসমাপ্ত সড়কের ওপর ধানের চারা রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানান তারা।

স্থানীয়দের অভিযোগ, নয়নপুর বাজারসংলগ্ন প্রায় ২৬০ মিটার সড়কের কাজ কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো শ্রমিক বা দায়িত্বশীল ব্যক্তিকেও এলাকায় দেখা যাচ্ছে না। ফলে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী শিল্পশ্রমিক, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, নয়নপুর বাজার থেকে সিসি ডিবি মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের সংস্কারকাজ চললেও নয়নপুর বাজারের ২৬০ মিটার অংশ এখনো অসমাপ্ত পড়ে আছে। সড়কের ওপর ছড়িয়ে রয়েছে ইট, পাথর, রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। কোথাও বড় গর্ত, কোথাও কাদা, আবার কোথাও বৃষ্টির পানি জমে থাকায় মোটরসাইকেল, অটোরিকশা, রিকশাসহ ছোট যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

নয়নপুর, বরমী, মাওনাসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক। প্রতিদিন কয়েক হাজার শিল্পশ্রমিক এই পথ ব্যবহার করে বিভিন্ন কারখানায় যাতায়াত করেন। এছাড়া বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং যাত্রীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা হাফিজুল ইসলাম অনিক বলেন, “বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলো পানিতে ঢেকে যায়। কোথায় রাস্তা আর কোথায় গর্ত বোঝা যায় না। মানুষ পড়ে গিয়ে আহত হচ্ছেন। ব্যবসার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়েছে।”

পল্লী চিকিৎসক শামসুল ইসলাম তারেক বলেন, “মাত্র ২৬০ মিটার রাস্তার কাজ শেষ না হওয়ায় পুরো এলাকার মানুষ সমস্যায় পড়েছেন। রোগী হাসপাতালে নিতে কষ্ট হচ্ছে। গর্ভবতী নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। অনেক সময় অ্যাম্বুলেন্সও বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হয়।”

কারখানার শ্রমিক আসিক মিয়া বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে কাজে যাই। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সবসময় দুর্ঘটনার ভয় নিয়ে চলতে হয়। দ্রুত কাজ শেষ হলে আমাদের কষ্ট কমবে।”

অটোরিকশাচালক আব্দুল কাদের বলেন, “এই রাস্তা দিয়ে গাড়ি চালানো এখন খুব কঠিন। গাড়ি নষ্ট হচ্ছে, যাত্রীও কমে গেছে। আগের মতো আয় করতে পারছি না।”

শ্রীপুর উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, নয়নপুর বাজার থেকে সিসি ডিবি মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ করছে শাম্মী এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ৪ কোটি ৯ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের আওতায় ২৬০ মিটার আরসিসি ঢালাই সড়ক নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় প্রকল্পটি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ হাসান বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে কার্যাদেশ বাতিল করে নতুনভাবে দরপত্র আহ্বান করা হবে, যাতে দ্রুত অবশিষ্ট কাজ শেষ করে মানুষের দুর্ভোগ কমানো যায়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে