ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » অরিজিতের পোস্টে নতুন গুঞ্জন

অরিজিতের পোস্টে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক:

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ও আলোচনা। বিভিন্ন সময়ে সামাজিক ও জাতীয় ইস্যুতে স্পষ্ট অবস্থান নিতে দেখা যাওয়া এই গায়কের সাম্প্রতিক একটি বার্তা কি তবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পরোক্ষভাবে কটাক্ষ বা খোঁচা দেওয়া—তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অরিজিৎ সিংয়ের একটি ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্ট ঘিরে এই বিতর্কের সূত্রপাত। এর আগে দিল্লির প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে শিক্ষার্থীদের আন্দোলন, সরকারি ব্যবস্থার ত্রুটি কিংবা বাংলাভাষীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়েও নিজের জোরালো মতামত প্রকাশ করেছিলেন এই শিল্পী। এছাড়া দীর্ঘদিন ধরেই তাঁর রাজনীতিতে যোগ দেওয়া বা রাজনৈতিক ঝোঁক নিয়ে নানা গুঞ্জন রয়েছে। এই পটভূমিতে তাঁর নতুন পোস্টটি রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে।

‘হু অ্যাম আই’ নামের ওই এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়েছে—

“হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান। গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।”

পোস্টটি প্রকাশ্যে আসার পরপরই এর অন্তর্নিহিত ব্যঙ্গার্থ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। নেটিজেনদের একটি বড় অংশের ধারণা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক নির্বাচন ও এর ফলাফল কিংবা নির্বাচন কমিশনকে ঘিরে চলমান বিভিন্ন বিতর্কের প্রতি ইঙ্গিত করেই এই ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন গায়ক।

উল্লেখ্য, ভারতীয় রাজনৈতিক পরিমণ্ডলে ‘গেরুয়া শিবির’ বলতে সাধারণত ক্ষমতাসীন দল বিজেপি এবং তাদের উগ্র বা রাজনৈতিক বলয়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনকে বোঝানো হয়ে থাকে। দলটির প্রাতিষ্ঠানিক পতাকা ও রাজনৈতিক প্রচারাভিযানে গেরুয়া রঙের প্রাবল্যের কারণেই গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষণে এই শব্দবন্ধ বহুল প্রচলিত।

তবে এই পোস্টের মাধ্যমে অরিজিৎ সিং সুনির্দিষ্টভাবে ঠিক কার বা কাদের উদ্দেশে কথাগুলো বলেছেন, সে বিষয়ে এখন পর্যন্ত গায়কের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে এটি ক্ষমতাসীনদের উদ্দেশে দেওয়া কোনো রাজনৈতিক বার্তা কি না, তা নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে