নবপ্রকাশ ডেস্ক:
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ কোনো নতুন যৌথ বাহিনী গঠন কিংবা অতীতের মতো ‘অপারেশন ক্লিন হার্ট’ স্টাইলের কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে বিদ্যমান সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে বলে উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের এই অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় নতুন করে কোনো বিশেষ যৌথ বাহিনী গঠন বা পৃথক কোনো কাঠামো তৈরির পরিকল্পনা সরকারের নেই। একই সাথে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো সামরিক অভিযান চালানোর চিন্তাভাবনাও সরকার করছে না।”
তিনি আরও স্পষ্ট করেন যে, নতুন কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে দেশব্যাপী অপরাধীদের তৎপরতা দমন এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে পরিচালিত বর্তমান যৌথ অভিযানকে আরও গতিশীল ও কঠোর করা হবে।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসারসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে মাঠে থেকে আরও সক্রিয় ও তৎপর থাকার কঠোর নির্দেশনা দেন তিনি।
