ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ‘অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদদের অবজ্ঞা করেছে’: প্রধানমন্ত্রী

‘অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদদের অবজ্ঞা করেছে’: প্রধানমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে সরকার এবং অন্য দলকে বিরোধী দলে বসালেও, বিরোধী দল শহীদদের যোগ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে না এসে বিরোধী দল প্রকারান্তরে জুলাইয়ের শহীদ পরিবারগুলোকেই অবজ্ঞা ও উপেক্ষা করেছে।

আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের পাশে নিয়ে ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং আধুনিকায়িত ওসমানী উদ্যানের আনুষ্ঠানিক শুভ উন্মোচন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমাদের সঙ্গে নয়, শহীদদের পাশে বসতে পারতেন’

অনুষ্ঠানে বিরোধী দলের শীর্ষ নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে নিশ্চিতভাবেই বিরোধী দল জনগণের কাছে গিয়েছিল, আমরাও গিয়েছিলাম। জনগণই ব্যালটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে আগামী পাঁচ বছর কারা রাষ্ট্র পরিচালনা করবেন। জনগণ বিএনপিকে সরকার পরিচালনায় বসিয়েছে, আবার বিরোধী দলকেও বিরোধী দল হিসেবে তাদের সমর্থন দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকের এই ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে না এসে বিরোধী দল জুলাই শহীদ পরিবারগুলোকেই অবজ্ঞা ও অপমান করেছে।”

রাজনৈতিক দূরত্ব ভুলে শহীদদের সম্মান জানানোর তাগিদ দিয়ে তারেক রহমান আরও বলেন, “বর্তমান বিরোধী দল যে কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে, এই অনুষ্ঠান বয়কট করার মধ্য দিয়েই তা প্রমাণিত হয়। তাদের যদি আমাদের সঙ্গে এক মঞ্চে বসতে আপত্তিও থাকত, তবে তাঁরা তো চাইলেই সাধারণ আসনে এসে শহীদ পরিবারের স্বজনদের পাশাপাশি বসতে পারতেন। কারণ জুলাই বিপ্লবের এসব অকুতোভয় মানুষদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই কিন্তু তারা আজ সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতার মর্যাদা উপভোগ করছেন।”

গঠনমূলক রাজনৈতিক আচরণের আহ্বান

প্রধানমন্ত্রী আবারও মনে করিয়ে দেন যে, রাজপথ ও জাতীয় সংসদে বিরোধী দল অবশ্যই সরকারের নানা নীতি ও রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করবে, কিন্তু সেই সমালোচনা হতে হবে তথ্যভিত্তিক ও গঠনমূলক। বিরোধী দল মুখেই কেবল জুলাইয়ের কথা বললেও বাস্তবে জুলাইয়ের স্পিরিট ও চেতনাকে তাদের হৃদয়ে ধারণ করে না বলেই রাষ্ট্রীয় এই সংবর্ধনা ও স্মৃতিস্তম্ভ উন্মোচন অনুষ্ঠানে অনুপস্থিত থাকার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ঐতিহাসিক এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে