নবপ্রকাশ ডেস্ক:
সারাদেশে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী।
রবিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ডেঙ্গু পরিস্থিতির এ সর্বশেষ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৫১৪ জন রয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৩৪ জন, খুলনা বিভাগে ৩৩০ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, বরিশাল বিভাগে ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৮৬ হাজার ৪৫৮ জন। একই সময়ে সারাদেশে ডেঙ্গুতে মোট ২৬২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৬৫ জন। এ নিয়ে চলতি বছরে এ যাবত মোট ৮০ হাজার ৩৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, বিগত ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছরের অক্টোবর মাসের শুরুতেই আক্রান্তের এই ঊর্ধ্বমুখী গ্রাফ স্বাস্থ্য বিশেষজ্ঞদের চিন্তা বাড়াচ্ছ।
