ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ২০০ কোটির ক্রীড়া বরাদ্দ: প্রতি ৪ মাসে হবে মূল্যায়ন

২০০ কোটির ক্রীড়া বরাদ্দ: প্রতি ৪ মাসে হবে মূল্যায়ন

স্পোর্টস ডেস্ক:

ক্রীড়াবিদদের কল্যাণে বিশেষ উদ্যোগ হিসেবে ক্রীড়া কার্ড ও ভাতা বাবদ ২০০ কোটি টাকা আলাদা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশসেরা মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই বিশেষ ক্রীড়া কার্ডের সুবিধার আওতায় আনা হবে বলেও ঘোষণা দেন তিনি।

আজ রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ডের সুবিধার আওতায় আনার লক্ষ্যে পরিবহন মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

ক্রীড়া কার্ডের সার্বিক অগ্রগতি তুলে ধরে আমিনুল হক বলেন, “ইতোমধ্যে দেশের ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে এবং তাদের বিশেষ ভাতার আওতায় আনা হয়েছে। আমাদের মূল লক্ষ্য মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই কার্ডের আওতায় নিয়ে আসা। নিয়মিত মূল্যায়নের অংশ হিসেবে এরই মধ্যে ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতি ৪ মাস পরপর অ্যাথলেটদের মাঠের পারফরম্যান্স মূল্যায়ন করে এই তালিকা নিয়মিত হালনাগাদ করা হবে, যেখানে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কেউ বাদ পড়বেন কিংবা নতুন কেউ অন্তর্ভুক্ত হবেন।”

প্রতিমন্ত্রী আরও যোগ করেন, “খুব শিগগিরই আরও ৯৫ জন নতুন ক্রীড়াবিদকে এই তালিকায় সংযোজন করা হচ্ছে। তবে মানসম্মত অ্যাথলেটের অভাবে এখনো ৫০০ জনের কোটা পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি। আমরা উপযুক্ত ও সম্ভাবনাময় ক্রীড়াবিদ পেলেই তাদের এই তালিকার অন্তর্ভুক্ত করব।”

সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে প্রত্যাশিত সাফল্য না পাওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, তিনি সার্বিক ফলাফলে পুরোপুরি হতাশ নন। প্রাথমিক ফল কিছুটা হতাশাজনক হলেও অতীত ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য। ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) একটি মূল্যায়ন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সার্বিক বিষয় দেশবাসীর সামনে তুলে ধরা হবে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে অলিম্পিকে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। এর জন্য এশিয়ান গেমসসহ বছরব্যাপী বিশেষ ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হবে এবং ক্রীড়াবিদদের সার্বিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে