জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, একাডেমিক সেশন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে একাডেমিয়া ও কর্পোরেট জগতের মধ্যে কার্যকর সংযোগ, আধুনিক বিপণন শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট প্রতিনিধিদের উপস্থিতি শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করেছে। তিনি শিক্ষার্থীদের কর্পোরেট ব্যক্তিত্বদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের দক্ষতা ও ক্যারিয়ার পরিকল্পনা সমৃদ্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় উদ্ভাবনী চিন্তা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর মার্কেটিং শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিপুলসংখ্যক কর্পোরেট প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, মার্কেটিং বিভাগ বিশ্ববিদ্যালয়ের অন্যতম গৌরবোজ্জ্বল বিভাগ। বিভাগের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, একাডেমিক উৎকর্ষ এবং শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে ‘মার্কেটিংয়ে শ্রেষ্ঠত্ব: বিপণনে একাডেমিক গবেষণা ও অনুশীলন’ শীর্ষক সেশনে বিপণন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা, গবেষণা এবং আর্থিক প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ‘ইন্ডাস্ট্রি ৪.০-এর অধীনে মার্কেটিং’ শীর্ষক সেশনে শিল্পখাতের পরিবর্তিত মার্কেটিং কৌশল, প্রযুক্তিনির্ভর বিপণন, শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে মার্কেটিং শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
বিভিন্ন সেশনে বক্তব্য দেন মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডেনমার্কের অ্যালবর্গ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার রানা, পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক ও কৃষাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আবেদ চৌধুরী, পূবালী ব্যাংক পিএলসি-এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশিদ, মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলাউদ্দিন, বিডিজবস-এর হেড অব প্রোগ্রাম মো. আলী ফিরোজসহ দেশের বিভিন্ন খ্যাতনামা কর্পোরেট ব্যক্তিত্ব।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক ফলাফল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তিগত দক্ষতা, ভোক্তা আচরণ বিশ্লেষণ, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং সময়োপযোগী দক্ষতা অর্জনই শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের মূল চাবিকাঠি। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সুপরিকল্পিত ক্যারিয়ার গড়ে তোলার ওপরও তারা গুরুত্ব দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মাহমুদুল হাসান ফৈজী।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিনের কর্মসূচিতে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং অ্যালামনাই, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
