ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা

১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা

নবপ্রকাশ ডেস্কঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীসহ সারা দেশে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে ১৫ আগস্ট ঘিরে বড় ধরনের কোনো নাশকতার বা আতঙ্কের তথ্য নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের অপতৎপরতা রোধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম নবপ্রকাশ-কে বলেন,

“১৫ আগস্ট একটি সংবেদনশীল দিন। আমাদের প্রতিটি ইউনিটের পৃথক প্রস্তুতি রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকব। বড় ধরনের কোনো আতঙ্কের কারণ নেই; এরকম একের পর এক ইভেন্ট আসবে, যা আমরা পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করছি।”

রাজধানীতে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা
রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার রাতে ভাটারার একটি এলাকা থেকে ১৫ আগস্ট উপলক্ষে প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিলের পরিকল্পনাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও প্ল্যাকার্ড উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, পুরো রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। মহানগরের প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াত, বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিট সুইপিং কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি ডিবি ও সিটিটিসির সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি নবপ্রকাশ-কে বলেন,

“কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে মোতায়েন রয়েছে। বড় ধরনের কোনো নাশকতার তথ্য আমাদের কাছে নেই।”

ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম নবপ্রকাশ-কে জানান,

“নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো অপতৎপরতা আমরা চালাতে দেব না। ইতিমধ্যে মহানগর উত্তর আওয়ামী লীগের প্রচার সম্পাদকসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা মাঠে তৈরি আছি।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে