ঢাকা
ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » হবিগঞ্জে ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষো’ভে এনসিপি, পথে পুলিশি বাধা

হবিগঞ্জে ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষো’ভে এনসিপি, পথে পুলিশি বাধা

হবিগঞ্জে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনার মধ্যে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বহর আটকে দেয় পুলিশ। তবে প্রশাসনের বাধা উপেক্ষা করে নেতারা হবিগঞ্জের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন।

জানা গেছে, বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জে এনসিপির ডাকা বিক্ষোভ সমাবেশ ও পথসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশের কর্মসূচি থাকায় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতারা হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদ এবং হামলার বিচার দাবিতে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি।

বুধবার বিকেলে কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর থামিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। তবে কিছুক্ষণ পর এনসিপির নেতারা পুলিশের বাধা অতিক্রম করে হবিগঞ্জের দিকে রওনা হন।

ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে, মঙ্গলবারের হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এনসিপি। অন্যদিকে প্রশাসনের দাবি, সব পক্ষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘর্ষ এড়াতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এনসিপির নেতাকর্মীরা হবিগঞ্জের দিকে অগ্রসর হচ্ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে