ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সৌদিতে প্রবাসী কর্মীদের জীবন ও অধিকার রক্ষায় ৪ দফা দাবিতে আইনি নোটিশ

সৌদিতে প্রবাসী কর্মীদের জীবন ও অধিকার রক্ষায় ৪ দফা দাবিতে আইনি নোটিশ

নবপ্রকাশ ডেস্ক:

সৌদি আরবে কর্মরত কোনো বাংলাদেশি অভিবাসী কর্মী গ্রেপ্তার, আটক বা আইনি সংকটে পড়লে তাঁর তথ্য আগাম নিশ্চিত করতে বাধ্যতামূলক কূটনৈতিক সুরক্ষা নিশ্চিত করা এবং ‘রিয়েল-টাইম’ ট্র্যাকিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে। সম্প্রতি সেখানে দুই বাংলাদেশির বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের গুরুতর ঘাটতি ও অবহেলার অভিযোগ তুলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংশ্লিষ্ট সংগঠনের পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে এই আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশের বিবাদী ও প্রেক্ষাপট

বাংলাদেশ ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল কালাম আজাদ যৌথভাবে এই নোটিশ পাঠান।

নোটিশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালককে জবাবদিহির আওতায় আনা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৪ থেকে ১৬ অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক ও দেশীয় সংবাদমাধ্যমের খবরে সৌদি আরবে নজরুল বাছিরসহ দুই বাংলাদেশির বিচার এবং মৃত্যুদণ্ড কার্যকরের চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়। অথচ অত্যন্ত উদ্বেগের বিষয় হলো—সমগ্র বিচারপ্রক্রিয়া ও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পর্যন্ত রিয়াদ বা জেদ্দাস্থ বাংলাদেশ দূতাবাস বিষয়টি সম্পর্কে বিন্দুমাত্র অবগত ছিল না। এই ধরণের যোগাযোগের ঘাটতি প্রবাসীদের আইনি সহায়তা ও মৌলিক বিচারিক মানবাধিকার নিশ্চিতকরণে কূটনৈতিক ব্যবস্থার চরম ব্যর্থতা তুলে ধরে।

নোটিশে উত্থাপিত মূল ৪টি দাবি:

প্রবাসীদের জীবন রক্ষা ও মৌলিক বিচারিক অধিকার সুরক্ষায় নোটিশে ৪টি নির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে:

১. রিয়েল-টাইম ট্র্যাকিং ব্যবস্থা চালুর উদ্যোগ: সৌদি বিচারিক ব্যবস্থার সঙ্গে এপিআই (API) সমন্বয়ের মাধ্যমে সৌদি প্রবাসী কর্মীদের ইকামা, পাসপোর্ট এবং তাঁদের বিরুদ্ধে দায়েরকৃত কোনো মামলার তথ্য তাৎক্ষণিকভাবে ট্র্যাকিং ও পর্যবেক্ষণের আধুনিক ডিজিটাল ব্যবস্থা চালু করতে হবে।

২. জরুরি কনস্যুলার সহায়তা ও SOS সুবিধা: প্রবাসীদের জনপ্রিয় ‘আমি প্রবাসী’ কিংবা কূটনৈতিক অ্যাপগুলোতে জরুরি ‘এসওএস’ (SOS) সার্ভিস চালুর দাবি জানানো হয়েছে, যাতে গ্রেপ্তার বা আটকের মুহূর্তে কর্মীরা সরাসরি দূতাবাসের কাছে আইনি সহায়তা দাবি করতে পারেন।

৩. আদালত পর্যবেক্ষণ পোর্টাল ও ফ্যামিলি ড্যাশবোর্ড: রিয়াদ ও জেদ্দাস্থ মিশনের লেবার উইংয়ের মাধ্যমে স্থানীয় আদালত কার্যক্রম পর্যবেক্ষণে নির্দিষ্ট পোর্টাল এবং দেশে থাকা স্বজনদের জন্য তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে ট্র্যাকিং ড্যাশবোর্ড তৈরি করতে হবে।

৪. উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন: সৌদি আরবে নজরুল বাছিরের বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের কেন তথ্যের ঘাটতি ও গাফিলতি তৈরি হয়েছিল, তা তদন্ত করে অনতিবিলম্বে প্রকাশ্য তদন্ত প্রতিবেদন প্রকাশের নির্দেশ চাওয়া হয়েছে।

১৫ দিনের আল্টিমেটাম

আইনজীবীরা সতর্ক করে জানান, এই আইনি নোটিশ গ্রহণের ১৫ দিনের মধ্যে কার্যকর কূটনৈতিক কনস্যুলার প্রটোকল বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে প্রবাসীদের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার ও সুরক্ষার দাবিতে হাইকোর্টে রিট পিটিশনসহ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে