ফরাসি ক্লাব লিল ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন মরক্কোর উদীয়মান মিডফিল্ডার আইয়ুব বৌদ্দি। এই মৌসুমের দলবদলে বড়সড় চমক দিয়ে তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডারকে ইতিহাদ স্টেডিয়ামে টেনে আনছে সিটিজেনরা।
দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ম্যানচেস্টার সিটিতে আইয়ুব বুয়াদ্দির মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। লিল থেকে ৯৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি এবং অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো অ্যাড-অনসের বিনিময়ে সিটিতে যোগ দিয়েছেন তিনি।’
বুয়াদ্দির জন্য সব মিলিয়ে ১০০ মিলিয়ন ইউরো খরচ করল সিটি। বাংলাদেশি মুদ্রায় ১৪৩১ কোটি টাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে রোমানো আরও জানান, ট্রান্সফার সংক্রান্ত দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক সমস্ত চুক্তিপত্রে স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
বুয়াদ্দি ২০২৬ বিশ্বকাপে মরক্কোর হয়ে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন। জাতীয় দলের মাঝমাঠের মূল ভরসা হয়ে উঠেছিলেন এই তরুণ তুর্কি। মাঝমাঠে তাঁর একাগ্রতা ও নিখুঁত পাসের দক্ষতাই মূলত সিটিকে তাঁর প্রতি আগ্রহী করে তোলে। ১৮ বছর বয়সী এই মরোক্কান লায়নের জন্য এবার প্রিমিয়ার লিগের মূল মঞ্চে নিজেকে প্রমাণের নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
