ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সাংবাদিক হত্যা নেত্রকোনায়: নেপথ্যের ‘গডফাদার’ চিহ্নিত করতে পুলিশের তৎপরতা

সাংবাদিক হত্যা নেত্রকোনায়: নেপথ্যের ‘গডফাদার’ চিহ্নিত করতে পুলিশের তৎপরতা

নবপ্রকাশ ডেস্ক:

অপরাধ জগতের এক নেপথ্য গডফাদারের থলথলে মুখোশ ও তথ্যপ্রমাণ সোশ্যাল মিডিয়ায় উন্মোচন করতে চেয়েছিলেন নেত্রকোনার দুর্গাপুরের সাহসী সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। কিন্তু সত্য প্রকাশের আগেই অত্যন্ত নির্মমভাবে খুব কাছ থেকে পর পর ছয়টি গুলি চালিয়ে তাঁকে হত্যা করল দুর্বৃত্তরা।

সোশ্যাল মিডিয়ায় তথ্য-প্রমাণ ফাঁসের ঘোষণার সাথেই এই নৃশংস হত্যাকাণ্ডের কোনো সুনির্দিষ্ট যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসনের একাধিক টিম। সেই কথিত গডফাদারসহ হত্যাকাণ্ডে জড়িত মূল পরিকল্পনাকারীদের সনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক বিশেষ ইউনিট ইতোমধ্যে মাঠে নেমেছে।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় সরাসরি জড়িত কাউকে পুলিশ সনাক্ত করতে না পারলেও পুরো এলাকায় চরম থমথমে পরিস্থিতি ও ক্ষোভ বিরাজ করছে।

ছয়টি গুলির ঘায়ে প্রদীপ নিভল আলিফের

এদিকে গতকাল জেলা সদর হাসপাতাল মর্গে নিহত আলিফ ফকিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ ও নেত্রকোনার হাসপাতাল সূত্রের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ নিশ্চিত করেছেন, দুর্বৃত্তরা অতি কাছ থেকে আলিফকে লক্ষ্য করে ছয়টি গুলি ছুড়েছিল। এর মধ্যে পাঁচটি গুলি তাঁর শরীর ভেদ করে বের হয়ে যায় এবং মরদেহে আটকে থাকা একটি মারাত্মক গুলি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া বাজার এলাকায় চায়ের দোকান থেকে শ্বশুরবাড়িতে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত আলিফ ফকিরকে অনুসরণ করে খুব কাছ থেকে একের পর এক গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি ‘চ্যানেল রূপসী বাংলা’র নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি জনপ্রিয় পেজ পরিচালনা করতেন, যেখানে সীমান্ত এলাকার চোরচালান, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে তিনি নিয়মিত অনুসন্ধানী ভিডিও ও প্রতিবেদন প্রকাশ করতেন।

অন্যায়-অপরাধের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ

আলিফ ফকিরের মূল বাড়ি কলমাকান্দা উপজেলার চারুলিয়া মাইজপাড়া গ্রামে হলেও তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে তেলনজিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি বরাবরই সীমান্ত এলাকার নানা অন্যায় ও আন্তর্জাতিক অপরাধ চক্রের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সম্প্রতি তাঁর পেজে প্রকাশিত ‘নেত্রকোনায় রোহিঙ্গাদের গডফাদার বাবুল’ শীর্ষক একটি অনুসন্ধানী ভিডিও ব্যাপক সাড়া ফেলেছিল।

এসব কারণে তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় অপরাধীদের রোষানলে ছিলেন। এর আগেও গত বছর ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাটে প্রকাশ্যে তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করেছিল দুর্বৃত্তরা। এবার সরাসরি গুলি করে তাঁর জীবনপ্রদীপ নিভিয়ে দেওয়া হলো।

ফেসবুকে শেষ পোস্ট ও রহস্যময় গডফাদার

হত্যাকাণ্ডের ঠিক আগের দিন গত বুধবার নিজের ‘ডিটেকটিভ আর্টিকেল’ পেজে আলিফ শেষ পোস্টে লিখেছিলেন— “আগামীকাল চাঞ্চল্যকর অপরাধের গডফাদারের তথ্য-প্রমাণ…।”

স্বজন ও সহকর্মীদের দাবি, এই পোস্টের পর অপরাধ জগতের ওই গডফাদারের নির্দেশেই পেশাদার কিলার দিয়ে তাঁকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির খোসা ও একটি অবিস্ফোরিত গুলি উদ্ধার করা হয়েছে। এটি একটি সুপরিকল্পিত ও ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। মূল রহস্য ও কিলারদের ধরতে তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

ময়মনসিংহে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিকবৃন্দ’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ময়মনসিংহের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শীর্ষ সাংবাদিক নেতারা অংশ নেন।

বক্তারা অবিলম্বে মূল খুনি ও ইন্ধনদাতাদের গ্রেপ্তারের দাবি জানান, অন্যথায় দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, ‘বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের’ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে চার্জশিট দাখিলের আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সারাদেশের সাংবাদিকদের নিয়ে অবস্থান ধর্মঘট পালনের তীব্র হুমকি দিয়েছেন সংগঠনটির নেতারা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে