ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকান্ড:দীপুমনি মোজাম্মেল বাবু ও রূপাকে হাজিরের নির্দেশ

শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকান্ড:দীপুমনি মোজাম্মেল বাবু ও রূপাকে হাজিরের নির্দেশ

স্টাফ রিপোর্টার:
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে হাজির করতে বলা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালের আজ অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ১৪ মে তাঁদের এই ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।

দীপু মনি, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা ইতিমধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষের আইনজীবী) আবেদনের পরিপ্রেক্ষিতে এই তিনজনকে হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল।

পরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ের ব্রিফিং করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, তাঁরা (তিন আসামি) যেহেতু হেফাজতে আছেন, তাঁদের প্রোডাকশন (হাজির) চাওয়া হয়েছে। আগামী তারিখে হয়তো এই মামলা তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।
আগামী ৭ জুন এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য আছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম প্রমুখ এই মামলার আসামি।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে এখন পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে ৫৮ জনের হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এই ৫৮ জনের পরিচয় তাঁরা শনাক্ত করতে পেরেছেন।

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে