ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » রূপগঞ্জে মিলের ভাট্টি বিস্ফোরণে ৪ দগ্ধ

রূপগঞ্জে মিলের ভাট্টি বিস্ফোরণে ৪ দগ্ধ

নবপ্রকাশ ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল রি-রোলিং মিলে লোহা গলানোর বাটি (মেল্টিং ফার্নেস) বিস্ফোরণে চারজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় অবস্থিত ‘প্রিমিয়ার স্টিল রোলিং মিল’-এ এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকদের মধ্যে আবির হোসেনের (৩০) অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত অপর তিন শ্রমিক হলেন নাবির হোসেন (২৫), নাজমুল ইসলাম (৩০) ও রকিব হোসেন (২৫)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে প্রিমিয়ার স্টিল মিলের ভেতর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্র শব্দে কারখানা প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, কারখানায় লোহা গলানোর বাটি লিক হয়ে গলিত উত্তপ্ত ধাতব পদার্থ নিচে পড়ে গেলে এই ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়। এতে লোহা গলানোর কাজে নিয়োজিত চার শ্রমিক মুহূর্তেই অগ্নিদগ্ধ হন।

ঘটনার পরপরই সহকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আবির হোসেনের শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় দগ্ধ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

শিল্প কারখানায় এ ধরনের ঘনঘন বিস্ফোরণের ঘটনায় মিলটির সার্বিক অগ্নিনির্বাপণ ও কর্মক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে দুর্ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বিস্ফোরণের তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই কারখানা প্রাঙ্গণে পুলিশ পাঠানো হয়েছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ও কারখানা কর্তৃপক্ষের অবহেলা ছিল কিনা, তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে