নবপ্রকাশ ডেস্ক:
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলাকালীন বাংলাদেশ যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রী সেলিনা খাতুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই নিষেধাজ্ঞা সংক্রান্ত আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা ফেরদৌস রহমানের স্বাক্ষর করা আবেদনে বলা হয়, যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে কমিশন।
আবেদনে উল্লেখ করা হয়, গোপন সূত্রে দুদক খবর পেয়েছে যে অনুসন্ধান প্রক্রিয়া চলাকালীন অভিযুক্ত আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রী সেলিনা খাতুন দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁরা কোনোভাবে দেশত্যাগে সক্ষম হলে দুদকের গুরুত্বপূর্ণ এই অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত ও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা জরুরি।
দুদকের নথি থেকে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর কমিশনের প্রধান কার্যালয় থেকে আদালতে আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। সেই অনুমোদনের ধারাবাহিকতায় বিজ্ঞ আদালতে আবেদনটি পেশ করে দুদক।
আবেদনপত্রে আনোয়ারুল ইসলাম ও সেলিনা খাতুনের স্থায়ী ও বর্তমান একাধিক ঠিকানার তথ্য সংযুক্ত করা হয়েছে। দুদক জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে অর্জিত সম্পদের উৎস ও বিবরণ যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তবে অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া বা মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
