নবপ্রকাশ ডেস্ক
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিত্যক্ত একটি ভ্যানিটি ব্যাগ থেকে হাতবোমা (ককটেল) সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ সোমবার বেলা সাড় ১২টার দিকে খবর পেয়ে এসআরবি-২-এর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা উদ্যান এলাকায় আদাবর থানার জন্য নির্ধারিত জায়গার পাশে একটি পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখে তারা সন্দেহবশত পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত এসআরবি ও মোহাম্মদপুর থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন এবং নিরাপত্তা নিশ্চিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-২-এর অপারেশন অফিসার মো. সজীব হোসেন জানান, খবর পেয়ে এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে ভ্যানিটি ব্যাগসহ উদ্ধার করে। উদ্ধার হওয়া বস্তুগুলো নিরাপদে নিষ্পত্তির লক্ষ্যে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের পাশের ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনাটির পেছনে কে বা কারা জড়িত এবং ভ্যানিটি ব্যাগটি সেখানে কীভাবে এলো, সে বিষয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
