নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা আদায়ের নামে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভুয়া এসএমএস সম্পর্কে নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি ট্রাফিক বিভাগের নামে যে ধরনের এসএমএস পাঠানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ বানোয়াট ও অসত্য।
ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অমান্যকারী কোনো যানবাহনের বিরুদ্ধে এআই বা ভিডিও মামলার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হলে সংশ্লিষ্ট গাড়ির মালিকের ঠিকানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়। এ ধরনের মামলার বিষয়ে কোনো তথ্য জানাতে হলে নির্ধারিত প্রক্রিয়াই অনুসরণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজন হলে শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে এসএমএস পাঠানো হয়ে থাকে। এর বাইরে অন্য কোনো নম্বর থেকে পাঠানো বার্তা বিশ্বাস না করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ট্রাফিক বিভাগের জরিমানাকৃত যানবাহনের ক্ষেত্রে নির্ধারিত অনলাইন ব্যাংকিং মাধ্যম— উপায় (Upay) এবং সিবিবিএল (CBBL) -এর মাধ্যমে জরিমানা পরিশোধ করা যায়। তবে কোনো অবস্থাতেই ট্রাফিক বিভাগ নাগরিকদের কাছে পিন কোড, পাসওয়ার্ড, ওটিপি বা ব্যক্তিগত ব্যাংকিং তথ্য জানতে চায় না।
ট্রাফিক এআই বা ভিডিও মামলা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ডিএমপির ডেল্টা-৩ শাখার ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ নম্বরে যোগাযোগ করার পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
ভুয়া বার্তা ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডিএমপি ট্রাফিক বিভাগ বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করতে নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
