নবপ্রকাশ ডেস্ক:
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে তাঁর বাবা ফরিদুজ্জামানও গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আহাদ রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের ফরিদুজ্জামানের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুমের পরিবারের সঙ্গে ফরিদুজ্জামানের জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে সীমানা থেকে পানি নিষ্কাশন নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাকি বিল্লা ও মাসুম দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহাদকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাবা ফরিদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রসিদ জানান, জমি সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
