ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ফুটবলকে পেশা করতে চায় সরকার: সড়ক মন্ত্রী

ফুটবলকে পেশা করতে চায় সরকার: সড়ক মন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

ফুটবলসহ দেশের সকল খেলাধুলাকে কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, বরং তরুণ প্রজন্মের জীবিকা ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে দক্ষ ও জাতীয় মানের খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার বিষয়টি সুনির্দিষ্ট ভাবনায় রয়েছে বলেও জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর গ্রিন রোড সরকারি কর্মচারী কোয়ার্টারে সরকারি কর্মচারী সমাজকল্যাণ কেন্দ্র আয়োজিত মাসব্যাপী বার্ষিক ফুটবল প্রতিযোগিতার জমকালো ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, “খেলাধুলা একটি জাতিকে মানসিকভাবে শক্তিশালী ও শারীরিকভাবে যোগ্য করে তোলে। আমাদের তরুণ সমাজ যত বেশি ক্রীড়া চর্চায় সম্পৃক্ত হবে, তারা তত বেশি শৃঙ্খল, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। সরকার চায় তরুণরা তাদের দক্ষতার সর্বোচ্চ বিকাশ ঘটাক। ক্রীড়াক্ষেত্রে প্রতিভাবানদের জন্য স্থায়ী পেশাগত সুযোগ ও আর্থিক নিরাপত্তা তৈরি করা গেলে খেলাধুলা তরুণদের জন্য জীবিকা নির্বাহের অন্যতম কার্যকর মাধ্যম হতে পারে।”

ফুটবলের কৌশলগত গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ফুটবল শুধুই একক নৈপুণ্য নয়; এতে প্রয়োজন দলীয় সমন্বয়, কৌশল, নিখুঁত টাইমিং এবং সহনশীলতা। বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানিয়ে তিনি উল্লেখ করেন, খেলাধুলার প্রকৃত শিক্ষা লুকিয়ে থাকে জয়কে আনন্দের সাথে গ্রহণ করা এবং পরাজয় মেনে নিয়ে পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর মধ্যে। রাজনীতি ও সামাজিক জীবন রূপায়নেও এই স্পোর্টসম্যানশিপ, সহনশীলতা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সরকারি কর্মকর্তাদের জন্য এমন ক্রীড়া পরিবেশের গুরুত্ব তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারি কর্মচারী সমাজকল্যাণ কেন্দ্রের মতো প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে কর্মকর্তাদের কর্মজীবনের বাইরে সুস্থ বিনোদন ও সামাজিক মেলবন্ধনের সুযোগ তৈরি করে আসছে। এ ধরনের টুর্নামেন্ট সমাজের নানা শ্রেনীর মানুষকে এক সুতোয় বেঁধে সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করে।

আয়োজক সূত্রে জানা গেছে, আনন্দমুখর পরিবেশে আয়োজিত এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ১৮টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে শনিবার ফাইনাল খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতার পর্দা নামে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে