নবপ্রকাশ ডেস্কঃ
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরূপ মন্তব্য করলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করবে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং দিনাজপুরস্থ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, “আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো কেন্দ্রে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠানপ্রধান বা কেন্দ্র সচিবকেও আইনের আওতায় আনা হবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। কেন্দ্রপ্রধান সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করবেন।”
শিক্ষার মান নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে শিক্ষকদের উদ্দেশে বলেন, “যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের সন্তান পড়ে না, তাদের শিক্ষকতার কোনো অধিকার নেই। প্রত্যেক শিক্ষককে তার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে।”
শিক্ষকরা নিজে যে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত, সন্তানদের সেখানে পড়ান না- এমন অভিযোগ দীর্ঘদিনের। বিষয়টি সামনে এনে তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রশ্ন করেন, ‘কার কার সন্তানকে নিজ প্রতিষ্ঠানে ভর্তি করে পড়ান, হাত তুলুন তো।’
মন্ত্রীর এমন প্রশ্নে ১৫ থেকে ২০ জন শিক্ষক হাত উঁচু করেন। অথচ অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন চার শতাধিক শিক্ষক। এতে হতাশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।এসময় শিক্ষকদের কেউ কেউ বলার চেষ্টা করেন যে, তার সন্তান ভিন্ন জেলায় বা ঢাকাতে পরিবারের সঙ্গে থাকেন। শিক্ষকদের এমন দাবির পর মন্ত্রী বলেন, ‘তাই বলে ৪০০ শিক্ষকের পরিবারই কি ঢাকায় থাকে!’
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।
