আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পরও অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী ও অমানবিক আগ্রাসন অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট ও যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ‘ইসলামিক রিলিফ’-এর বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি চলাকালীনও ইসরায়েলি হামলায় গাজায় গড়ে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি নিহত বা গুরুতর আহত হয়েছেন।
ইসলামিক রিলিফের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির শর্ত জারি থাকা সত্ত্বেও গত এক বছরে অন্তত ১ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৩২০ জনই নিষ্পাপ শিশু; অর্থাৎ প্রতিদিন গড়ে অন্তত একজন করে শিশু ইসরায়েলি গোলার শিকার হয়ে মৃত্যুবরণ করছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘমেয়াদী ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা রেকর্ড ৭৪ হাজার ২৫৪ জনে গিয়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টাতেই মধ্য গাজার দেইর আল-বালাহ, খান ইউনিস এবং গাজা সিটির আল-সুদানিয়া ও রাফাহসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান, ড্রোন ও কামান হামলায় নারীসহ অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত ও ১২ জনের বেশি আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও তুলে ধরা হয় যে, ইসরায়েল কর্তৃক ঘোষিত ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখাভিত্তিক নিয়ন্ত্রণ এলাকা নির্ধারণ করে পুরো গাজার প্রায় ৬৫ শতাংশ অঞ্চল থেকে ফিলিস্তিনি অধিবাসীদের জোরপূর্বক উৎখাত করা হয়েছে। ফলে ২১ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষকে অবরুদ্ধ ভূখণ্ডের মাত্র ৩৫ শতাংশের এক ঘিঞ্জি এলাকায় অবান্ধব পরিবেশে মানবেতর দিন কাটাতে হচ্ছে। তা ছাড়া, ইসরায়েলি বাধার কারণে গাজার ৮২ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে জ্বালানি, আশ্রয় উপকরণ ও ওষুধ সরবরাহ চরমভাবে ব্যাহত হচ্ছে।
চিকিৎসা বাধায় প্রাণ হারিয়েছেন ২০২৭ রোগী:
একই সাথে এক বিভীষিকাময় তথ্য প্রকাশ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘আল আরব আল জাদিদ’ জানিয়েছে, ২০২৪ সালের মে মাসে রাফাহ সীমান্ত ক্রসিং ইসরায়েলি বাহিনী বন্ধ করে দেওয়ার পর থেকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না পেয়ে এ পর্যন্ত অন্তত ২ হাজার ২৭ জন মুমূর্ষু ফিলিস্তিনি রোগী বিনা চিকিৎসায় মারা গেছেন। বর্তমানে গাজায় প্রায় ২১ হাজার আশঙ্কাজনক রোগী জরুরি চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অপেক্ষায় প্রহর গুনছেন।
কাগজে-কলমে যুদ্ধবিরতির ভান না করে ফিলিস্তিনিদের জীবন রক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়নে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক রিলিফ।
