ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নিরাপদ খাদ্য নিশ্চিতে যুগান্তকারী পদক্ষেপ: ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিতে যুগান্তকারী পদক্ষেপ: ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক

ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত আধুনিক মোবাইল ল্যাবরেটরি ভ্যান (ভ্রাম্যমাণ পরীক্ষাগার) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ভ্যানের ভেতরে প্রবেশ করে সরাসরি খাদ্যের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষার বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে পরীক্ষাগারের সামগ্রিক কার্যপ্রণালী ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে বিশদ অবহিত করেন।

সারাদেশে ভেজালবিরোধী অভিযানের নতুন মাত্রা

পরিদর্শনকালে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সারা দেশে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ৬৪টি জেলায় নমুনা পরীক্ষা ও সার্বিক তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমানে প্রথম পর্যায়ে দেশের আটটি বিভাগীয়/মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে সার্বক্ষণিক খাদ্যের নমুনা পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে এই সেবা দেশের সবকটি জেলায় সম্প্রসারণের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

কর্মকর্তারা জানান, এসব কার্যক্রম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

চলতি অর্থবছরে যোগ হচ্ছে আরও ৭২টি ল্যাব ভ্যান

খাদ্য নিরাপত্তা জোরদারকরণের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরে আরও ৭২টি অত্যাধুনিক ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, ভেজাল প্রতিরোধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে পরিচালিত বিভিন্ন অভিযানে মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১৬টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জনসচেতনতায় মনিটরিং ব্যবস্থা

পরীক্ষাগারগুলোতে শুধু খাদ্য পরীক্ষাই নয়, বরং জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়েছে। প্রতিটি ভ্যানের বাইরের অংশে বড় মনিটর স্থাপন করা হয়েছে, যেখানে পথচারী ও সর্বসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন ভিজ্যুয়াল ভিডিও প্রচার করা হচ্ছে।

প্রধানমন্ত্রী পরিদর্শনকালে উপস্থিত সকল কর্মকর্তাকে ভেজাল প্রতিরোধে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার ও জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে