জেলা ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন বাংলাদেশি নাগরিক রমজান আলী (৫২)। মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে ছোট বোন মঞ্জুরা বেগমকে ফোন করে তিনি জানিয়েছিলেন, সেখানে কয়েক দিন ধরে ভয়াবহ গোলাগুলি চলছে এবং তিনি আতঙ্কে আছেন। দেশে ফেরার প্রক্রিয়াও শুরু করেছিলেন তিনি। তবে জীবিত অবস্থায় আর দেশে ফেরা হয়নি তাঁর।
স্বজনেরা জানিয়েছেন, রমজানের মরদেহ বর্তমানে পাকিস্তানের কোয়েটার একটি হাসপাতালের মর্গে রয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া এলাকায়। দীর্ঘদিন ধরে পাকিস্তানে বসবাস করছিলেন তিনি। বেলুচিস্তানের পিশিন জেলার জিয়ারাত ক্রস এলাকায় একটি কাস্টম হাউসে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
পাকিস্তানের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট রাতে জিয়ারাত ক্রসের কাস্টম হাউসে সন্ত্রাসীরা সমন্বিত হামলা চালায়। এতে ছয়জন নিহত হন। তাঁদের মধ্যে পাঁচজন নিরাপত্তাকর্মী ও একজন কাস্টমস কর্মকর্তা ছিলেন। পরে পাল্টা অভিযানে ১০ হামলাকারী নিহত হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনও এ তথ্য জানিয়েছে।
পরিবারের দাবি, নিহত ছয়জনের একজন ছিলেন রমজান আলী। তাঁর মরদেহ কোয়েটার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
