আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিম তুরস্কে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে টো-ট্রাকের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা শেষে পর্যটকবাহী বাসটির চালককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
রোববার (১১ অক্টোবর ২০২৬) স্থানীয় সময় সকাল ১১টার পরপর মানিসা প্রদেশের গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কের আখিসার এলাকার একটি টোল বুথের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মানিসা গভর্নরের কার্যালয় এক সরকারি বিবৃতিতে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, খবর পাওয়ার পরপরই দ্রুত উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে বাসচালকও ছিলেন। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পাওয়ার পরপরই পুলিশ চালককে হেফাজতে নেয় ও গ্রেপ্তার দেখায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক শোকবার্তায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফচি হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হতাহতরা তুরস্কের নাগরিক। তবে দুর্ঘটনাকবলিত পর্যটকবাহী বাসটিতে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও মহাসড়কের ধ্বংসাবশেষ সরানোর সময় মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান সরেজমিনে স্থানটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে গভর্নর বলেন, “পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দুর্ঘটনার নিখুঁত তদন্ত ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা যে কতটা গুরুত্বপূর্ণ, এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা আমাদের অত্যন্ত বেদনাদায়কভাবে পুনর্বার স্মরণ করিয়ে দিল।”
