রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৮৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, একটি শর্টগানসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অপরাধ বিভাগ ও গোয়েন্দা বিভাগ সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে। অভিযানে অস্ত্র, মাদক এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৪ জন, লালবাগ বিভাগ থেকে ১৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮২ জন, মিরপুর বিভাগ থেকে ৯৬ জন, গুলশান বিভাগ থেকে ৩৪ জন এবং ডিবি (গোয়েন্দা) পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।
অভিযানে গ্রেফতারদের হেফাজত থেকে মোট ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা এবং ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া একটি শর্টগান, একটি ছুরি, একটি লোহার রড, একটি স্ক্রু ড্রাইভার ও একটি হেক্সো ব্লেড জব্দ করা হয়েছে।
এছাড়াও একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিম কার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
