মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় শামীম আহমেদ নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক কনস্টেবল নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম আহমেদ জিএমপির এসএফ শাখায় ডাক বাহক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে সরকারি ডাক পৌঁছে দিয়ে দায়িত্ব শেষে গাজীপুরে ফিরছিলেন কনস্টেবল শামীম আহমেদ। ফেরার পথে টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত শামীম আহমেদ কনস্টেবল নম্বর-৮৮১ এবং বিপি নম্বর-৯৮১৮২১৬৪৫১। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদী দক্ষিণপাড়া এলাকার আঙ্গুর মিয়ার ছেলে।
দায়িত্ব পালন শেষে ফেরার পথে একজন পুলিশ সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে জিএমপির সহকর্মী, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
