ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ঝড়ে লন্ডভন্ড নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা জারি

ঝড়ে লন্ডভন্ড নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা জারি

নবপ্রকাশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় ‘নরইস্টার’-এর ভয়াবহ তাণ্ডবে বিপাকে পড়েছেন কয়েক কোটি মানুষ। ঝড়ের কারণে ইতিমধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ দুটি অঙ্গরাজ্যের কয়েকটি উপকূলীয় এলাকায় তীব্র জলাবদ্ধতা ও মারাত্মক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত বিশাল এলাকায় প্রবল বৃষ্টিপাত ও দমকা বাতাসের আশঙ্কার কথা জানিয়ে উচ্চ সতর্কতা জারি করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শক্তিশালী এই ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং সড়ক ও আকাশপথে যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘পাওয়ারআউটেজ’-এর তথ্যমতে, শক্তিশালী বাতাসে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের এক লাখেরও বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

আকাশপথেও তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটআউটার’-এর বরাতে জানা গেছে, ঝোড়ো আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে এ পর্যন্ত ১ হাজার ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ২,৪০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিমানযাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

ইতিমধ্যে নিউ জার্সির উপকূলীয় সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকার রাস্তাঘাট ও লোকালয়ে সাগরের উপচে পড়া পানি ঢুকে পড়েছে। এনডব্লিউএস সতর্ক করে জানিয়েছে, নিউইয়র্কে সপ্তাহান্তে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল (৮৬ কিলোমিটার) বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক ভিডিও বার্তায় নগরবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালাবেন না বা হেঁটে যাবেন না।” একই ধরনের সতর্কবার্তা দিয়ে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন নিউ জার্সির গভর্নর মিকি শেরিল।

ঝড়ের আঘাতের কারণে বিনোদন ও ক্রীড়াজগতের একাধিক বড় ইভেন্ট বাতিল করা হয়েছে। বোস্টনের জিলেট স্টেডিয়ামে বিশ্বখ্যাত সংগীতশিল্পী এড শিরানের বহুল প্রতীক্ষিত কনসার্ট বাতিল করেছে ভেন্যু কর্তৃপক্ষ। এ ছাড়া নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে লরিন হিল ও জন লিজেন্ডের পরিবেশনায় হতে যাওয়া ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ স্থগিত করা হয়েছে। ক্রীড়া অঙ্গনে রেড সক্স বনাম শিকাগো কাবসের বেসবল ম্যাচ এবং মেজর লিগ সকারের রেড বুল নিউইয়র্ক বনাম সেন্ট লুইস সিটি এসসির ম্যাচও স্থগিত করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে