নবপ্রকাশ ডেস্ক
জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মাত্র ৩৫ সদস্যের ইতিহাসে সবচেয়ে ছোট প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারপ্রধানের বিভিন্ন বিদেশ সফরে জনগণের কোটি কোটি টাকা অপচয় করা হতো। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই ক্ষুদ্র প্রতিনিধি দল পাঠানোর মধ্য দিয়েই প্রমাণিত হয় যে, বিএনপি সরকার ও দলীয় প্রধান কৃচ্ছ্রসাধনের মাধ্যমে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। জাতিসংঘের অধিবেশনে এই স্বল্প ব্যয়ের সফরটি দেশের অর্থনীতি রক্ষায় সরকারের দায়িত্বশীলতার বড় দৃষ্টান্ত।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে ফ্যাসিস্ট আমলের বিদেশ সফরের সময় সরকারি অর্থ বা দূতাবাসের খরচে রাজকীয় সংবর্ধনা আয়োজন করে তা দলীয় নেতাকর্মীদের চাঁদা বলে চালিয়ে দেওয়া হতো, যা প্রকৃতপক্ষে জনগণেরই টাকা ছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ধরনের কোনো জমকালো রিসেপশন আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, তিনি দেশ ও জনগণের স্বার্থকেই সর্বোচ্চ প্রাধান্য দেন এবং তার বিরুদ্ধে পরিচালিত সব অপপ্রচারই পরিকল্পিত।
রিজভী মন্তব্য করেন, সত্যকে কখনো অপপ্রচারের ঢাকনা দিয়ে আড়াল করা যায় না, ঠিক যেমন হাতের তালু দিয়ে সূর্যের আলো ঠেকানো সম্ভব নয়। সত্য সূর্যের আলোর মতোই প্রকাশিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাণিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।
