ঢাকা
ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » জবির ১০৪ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান

জবির ১০৪ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন অনুষদের চার শিক্ষাবর্ষের মোট ১০৪ জন কৃতি শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে নিজ নিজ বিভাগে অসাধারণ একাডেমিক ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ এ ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, “আজকের দিনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত এই ১০৪ জন শিক্ষার্থী তাদের মেধা ও কঠোর পরিশ্রমের প্রমাণ দিয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আমাদের তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। আমি বিশ্বাস করি, প্রাতিষ্ঠানিক শিক্ষার এই সাফল্যকে কাজে লাগিয়ে এই কৃতি শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য শুধু ডিগ্রি অর্জন নয়, বরং দক্ষ, সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “ডিনস অ্যাওয়ার্ড শুধু একটি সম্মাননা নয়, এটি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি। যারা কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার মাধ্যমে এই অর্জন করেছে, তারা বিশ্ববিদ্যালয়ের গর্ব। আমি আশা করি, ভবিষ্যতেও তারা তাদের এই সাফল্যের ধারা বজায় রাখবে।”

উপাচার্য আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশ্ববিদ্যালয় সবসময় সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।”

সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরাও। আইন ও ভূমি প্রশাসন বিভাগের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী সুমনাফ আক্তার বলেন, “ডিনস অ্যাওয়ার্ড আমার কাছে শুধু একটি সম্মাননা নয়, বরং দীর্ঘ অধ্যবসায় ও নিরন্তর পরিশ্রমের স্বীকৃতি। আমি এটিকে অর্জনের শেষ প্রান্ত নয়, বরং নতুন দায়িত্বের সূচনা হিসেবে দেখি। এই পথচলায় আমার শিক্ষকবৃন্দ, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের অবিচল সমর্থন ও প্রেরণা আমাকে সাহস যুগিয়েছে।”

একই অনুভূতি ব্যক্ত করে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এহসান আহমেদ বলেন, “ডিনস অ্যাওয়ার্ড পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং আমার পরিবার, শিক্ষক এবং সহপাঠীদেরও প্রেরণার ফল। আমি বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ।”

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত অভিভাবক ও শিক্ষকরা তাদের অভিনন্দন জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা ও গবেষণামুখী শিক্ষা কার্যক্রমকে আরও উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের সম্মাননা কার্যক্রম অব্যাহত থাকবে।

এস এম

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে