ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জবিতে পদধারী ছাত্রলীগ নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

জবিতে পদধারী ছাত্রলীগ নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মীদের প্রশ্রয় ও ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, একসময় জবি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা অনিক বর্তমানে ছাত্রদলের পদে থেকে সাবেক ছাত্রলীগের কর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডে সহায়তা করছেন।

জানা গেছে, নাহিয়ান বিন অনিক ২০১৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শরীফ-সিরাজ কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন এবং পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ লাভ করেন।

সম্প্রতি অনিকের অনুসারী হিসেবে পরিচিত নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই কর্মীর বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় সংবাদ প্রকাশের পর কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন, অনিক তাদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে বলে তারা জানান।

ছাত্রদলের একাধিক নেতার দাবি, ছাত্রলীগে সক্রিয় থাকার সময়ও অনিক বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ছাত্রদলে যোগ দেওয়ার পরও তিনি প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। দলীয় সূত্রে জানা যায়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকেও তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বলেন, “তিনি আগে স্বৈরাচারী আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে সুযোগ বুঝে ছাত্রদলে যোগ দেন। এখন ছাত্রদলের পদ ব্যবহার করে সাবেক ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন অপকর্মে প্রশ্রয় ও নিরাপত্তা দিচ্ছেন। যারা দীর্ঘদিন ত্যাগ ও সংগ্রাম করে দলকে এগিয়ে নিয়েছেন, তাদের মূল্যায়ন না করে এ ধরনের ব্যক্তিদের নেতৃত্বে আনা হলে দল বিতর্কিত হওয়ার ঝুঁকি তৈরি হয়।”

এ বিষয়ে বক্তব্য জানতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই বিষয়ে নাহিয়ান বিন অনিকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার মন্তব্য পাওয়া যায়নি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে