কয়েকদিনের তীব্র ও ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। ছুটির দিনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পর বিকেলে হঠাৎ করেই রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। পরে মুষলধারে নামে বৃষ্টি।
বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়।
রামপুরা, বনশ্রী, মালিবাগ, মগবাজার, বেইলি রোড, কাকরাইল, শান্তিনগর, মতিঝিল, পল্টন, কমলাপুর, শাহজাহানপুর, বাংলামোটর, শাহবাগ, পান্থপথ, ধানমন্ডি ও গ্রিন রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।
এদিকে বৃষ্টিতে স্বস্তি ফিরলেও অনেক সড়কে যানবাহনের গতি কমে যায়। কর্মস্থল থেকে ফেরা ও বাইরে থাকা মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
অনেককে আশ্রয়ের খোঁজে দোকানপাট ও বিভিন্ন স্থাপনার নিচে অপেক্ষা করতে দেখা যায়। ভারি বৃষ্টিতে ইতোমধ্যে রাস্তায় পানি জমে গেছে।
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
