ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » চাঁদাবাজির ট্যাগে বিএনপিকে জড়ানোর চেষ্টা

চাঁদাবাজির ট্যাগে বিএনপিকে জড়ানোর চেষ্টা

নবপ্রকাশ ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে এক ধরনের ‘চাঁদাবাজির ট্যাগিং’ চাপিয়ে দেওয়ার রাজনৈতিক চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এ ধরনের রাজনৈতিক ন্যারেটিভ বা বয়ান তৈরি করার অপচেষ্টা চালানো হচ্ছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজির সাথে বিএনপির নাম জড়ানোর বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, “বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা আসলে রয়েছে। এটা রাজনীতি। আমি এটা বলছি না এই সরকারের সময়ে, এই সরকারের সঙ্গে কানেক্টেড বা এই সরকারের দলের নাম নিয়ে কেউ এটা করছে না। তবে এই ন্যারেটিভ তৈরির চেষ্টা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই রয়েছে। এই চেষ্টা চলছে এবং এটা রাজনীতি। এই রাজনীতি করার চেষ্টা তারা করতেই পারেন।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদাবাজিবিরোধী সাম্প্রতিক কর্মসূচির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উপদেষ্টা বলেন, এটি তার কাছে অনেকটা ‘সার্কাজম’ বা ব্যঙ্গাত্মক মনে হয়েছে। তবে যেকোনো সংঘাতের পথ পরিহার করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “যেকোনো ভায়োলেন্ট কিছুর পরিবর্তে এই ধরনের কর্মসূচিকে আমরা ওয়েলকাম করি। তারা যদি মনে করেন এটার মাধ্যমে তারা জনগণের সঙ্গে কানেক্ট করতে পারবেন, তারা সেটার চেষ্টা করুক। তাদের জায়গা থেকে তারা করবে।”

উপদেষ্টা আরও জোর দিয়ে বলেন, সরকারের কাজ রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা নয়, বরং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। চাঁদাবাজির সঙ্গে কারা যুক্ত এবং তাদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় কী—সে সংক্রান্ত পর্যাপ্ত তথ্য সরকারের কাছে রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের উদ্বেগের বিষয়টি স্বীকার করে ডা. জাহেদ উর রহমান বলেন, পরিস্থিতি কিছু ক্ষেত্রে ওঠা-নামা করলেও বাংলাদেশ ‘অ্যানার্কি’ বা নৈরাজ্যকর অবস্থা থেকে সফলভাবে বেরিয়ে এসেছে। কোথাও কোনো কর্মকর্তার দায়িত্বে অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থান নিয়েও কথা বলেন তিনি। শেখ হাসিনাকে ‘দণ্ডপ্রাপ্ত’ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, “বিষয়টি সম্পূর্ণভাবে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যু। উনি ইন্ডিয়াতে রয়েছেন, আর আমরা তাঁকে ফেরত চাইছি। ভারত সরকারকেই তাঁকে হস্তান্তর করতে হবে। এর মধ্যে অন্য কোনো তৃতীয় দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই।” এ ছাড়া ভারতে বাংলাদেশের বিভিন্ন অস্বস্তির জায়গা তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে