ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে ‘গ্রিন ক্যাম্পাস র্যাংকিং’ চালুর দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রমঞ্চ। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা বলেন, দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও পরিচ্ছন্নতা রক্ষায় কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। ফলে শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পরিবেশবান্ধব উদ্যোগে প্রতিযোগিতা সৃষ্টি করতে ‘গ্রিন ক্যাম্পাস র্যাংকিং’ চালুর দাবি জানান।
জাতীয় ছাএমঞ্চের সদস্য সচিব বলেন, বর্তমানে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ বড় সংকটে পরিণত হয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণে এগিয়ে আসে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি টেকসই সমাজ গড়ে তোলা সহজ হবে।
জাতীয় ছাত্রমঞ্চের আহবায়ক বলেন, ক্যাম্পাসে প্লাস্টিক বর্জ্য কমানো, পর্যাপ্ত গাছ লাগানো, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পানি অপচয় রোধে কার্যকর নীতিমালা গ্রহণ করা জরুরি। একইসঙ্গে এসব কার্যক্রম মূল্যায়নের জন্য জাতীয় পর্যায়ে একটি স্বচ্ছ র্যাংকিং ব্যবস্থা চালু করা প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত নেতারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গঠনের দাবিতে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এসময় জাতীয় ছাত্রমঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও পরিবেশ সচেতন তরুণরা উপস্থিত ছিলেন।
