ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গাজীপুরে চরম গ্যাস সংকট: কারখানায় উৎপাদন কমল ৪০ শতাংশ

গাজীপুরে চরম গ্যাস সংকট: কারখানায় উৎপাদন কমল ৪০ শতাংশ

শিল্পনগরী গাজীপুর জেলায় গ্যাস সংকটে ১৫ শতাংশ কারখানায় উৎপাদনে বিঘ্ন ঘটছে, উৎপাদন কমে গেছে ৪০ শতাংশ।

রোববার (১৬ আগস্ট) দুপুরে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন।

তবে গ্যাস সংকটের বাস্তব চিত্র আরও ভয়াবহ বলে জানিয়েছেন কারখানা সংশ্লিষ্ট শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। গ্যাস সংকটে কর্মহীন অবস্থায় দিন পার করতে হচ্ছে অনেক শ্রমিককে। চাকরি হারানোর শঙ্কাও দেখা দিয়েছে তাদের মাঝে। তবে এ বিষয়ে কথা বলতে অনেক কারখানার মালিক ও কর্মকর্তারা অনীহা প্রকাশ করেছেন।

চলতি মাসের ১ তারিখ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুরের কোনাবাড়ি ফুয়াদ স্পিনিং মিলস্ লিমিটেড কারখানা। এতে ওই কারখানার প্রায় ৫ শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। গ্যাস সংকটের কারণে অব্যাহত লোকসান গুনতে হচ্ছিল কারখানা কর্তৃপক্ষকে।

কারখানার ডিজিএম আজিজুল হক জানান, কারখানাটিতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কর্মরত ছিল। গ্যাস সংকটের কারণে কয়েক মাস ধরে উৎপাদন ব্যাহত হচ্ছিল। শ্রমিকদের কয়েক মাস বসিয়ে বসিয়ে বেতন ভাতা দেওয়া হয়েছে। এতে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়া থেকে ঠেকাতে আগস্ট মাসের ১ তারিখে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। গ্যাসের পরিস্থিতির উন্নতি হলে কারখানা খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

গাজীপুরের কালিয়াকৈরের সাদমা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা বলেন, চলমান গ্যাস সংকটে বেশি প্রভাব পড়ছে তাদের ডাইং সেকশনে। গ্যাসের প্রেসার না থাকায় শ্রমিকদের কাজ বন্ধ রেখে বসে বসে সময় পার করতে হচ্ছে। মাঝে মাঝে গ্যাসের চাপ ফিরলে উৎপাদন শুরু করা গেলেও বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না।

প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেডের এজিএম রবিউল ইসলাম বলেন, গ্যাস সংকটে উৎপাদন কমেছে, কারখানার স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে।

গত বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকার ডিভাইন টেক্সটাইল মিলস্ লিমিটেড নামের কারখানাটি। এ বিষয়ে কারখানায় যোগাযোগ করা হলেও দায়িত্বশীল কেউই কথা বলতে রাজি হননি।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম বলেন, বন্ধের অফিসিয়াল তথ্য আমাদের কাছে নেই। কিন্তু আমরা রিপন গার্মেন্টস নামে একটি কারখানা বন্ধের নোটিশ পেয়েছি। তারা উল্লেখ করে নোটিশ দিয়েছে গ্যাসের প্রেসার কম হওয়ার কারণে কারখানা বন্ধ ঘোষণা করে আপাতত সাময়িক ছুটি ঘোষণা করেছে। শ্রমিকদের যোগাযোগ রাখতে বলেছে কারখানা কর্তৃপক্ষ। এর বাইরে গ্যাসের কারণে বন্ধ এমন নোটিশ বা অফিসিয়ালি ঘোষণা করে নাই।

তিনি বলেন, গ্যাস সংকটের কারণে তাদের কাজ কম হচ্ছে, উৎপাদন কম হচ্ছে- এমন খবর আমাদের কাছে আছে। আমাদের সার্ভে চলছে। আমাদের টিমগুলো সব কারখানায় যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কি না, কী ধরনের সমস্যা হচ্ছে, আমরা খোঁজ খবর রাখছি। তবে কারণ উল্লেখ করে নোটিশ না দিলে তো আমরা বলতে পারবো না।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে