ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » কোস্টগার্ডের জন্য কেনা হচ্ছে ৫ জাহাজ: ব্যয় হবে ১হাজার ২১২ কোটি টাকা

কোস্টগার্ডের জন্য কেনা হচ্ছে ৫ জাহাজ: ব্যয় হবে ১হাজার ২১২ কোটি টাকা

নবপ্রকাশ ডেস্ক:
বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে পাঁচটি রিভারাইন প্যাট্রল ভেসেল (আরপিভি) জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ২১২ কোটি টাকা। একই সঙ্গে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং ব্যবস্থা সম্প্রসারণেও নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘প্রতিস্থাপক জাহাজ সংগ্রহ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় কোস্ট গার্ডের জন্য পাঁচটি রিভারাইন প্যাট্রল ভেসেল নির্মাণ ও ক্রয়ের প্রস্তাব অনুমোদন পেয়েছে। রিভারাইন প্যাট্রল ভেসেল হচ্ছে নদী ও অভ্যন্তরীণ জলপথে টহল, নজরদারি এবং নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের মাঝারি আকারের জাহাজ।
এক ধাপ দুই খাম পদ্ধতিতে আহ্বান করা দরপত্রে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়। পরে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে যৌথভাবে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এবং কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডকে কার্যাদেশ দেওয়ার অনুমোদন দেওয়া হয়।

সূত্র জানায়, কোস্ট গার্ডের রিভারাইন প্যাট্রল স্কোয়াড্রনের বর্তমানে ব্যবহৃত পাঁচটি জাহাজ ১৯৭০ সালে নির্মিত। ফলে এসব জাহাজের বয়স এখন ৫৪ বছরের বেশি। অথচ এ ধরনের জাহাজের স্বাভাবিক আয়ুষ্কাল ২০ থেকে ২৫ বছর। নতুন জাহাজ সংগ্রহের মাধ্যমে নদী ও উপকূলীয় এলাকায় টহল এবং নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, এনটিএমসির ‘কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সিস্টেম সম্প্রসারণ (প্রথম ধাপ)’ প্রকল্পের আওতায় প্রায় ৯৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার ১৩৭ টাকার ক্রয়প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, অতিসংবেদনশীল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থার জন্য সীমিত দরপত্র পদ্ধতিতে নয়টি প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয় এবং দুটি প্রতিষ্ঠান কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়। পরে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসিকে কার্যাদেশ দেওয়ার অনুমোদন দেওয়া হয়।
এ প্রকল্পের আওতায় উচ্চক্ষমতাসম্পন্ন তিনটি পরবর্তী প্রজন্মের ফায়ারওয়াল যন্ত্র, দুটি বহুমুখী হাইব্রিড প্যাকেট নিয়ন্ত্রণ যন্ত্র, তিনটি সুইচ ব্যবস্থাপনা কার্ড এবং ছয়টি তথ্যকেন্দ্রের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম কেনা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে