নবপ্রকাশ ডেস্ক:
বাংলা নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতাজুটি মোশাররফ করিম এবং ফারুক আহমেদ। পর্দায় তাঁদের স্বতঃস্ফূর্ত ও হাস্যরসাত্মক কেমিস্ট্রি দীর্ঘদিন ধরে দর্শককে মুগ্ধ করে আসছে। ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ কিংবা ‘সিকান্দার বক্স’-এর মতো সাড়াজাগানো নাটকে একসঙ্গে অভিনয় করে কুড়িয়েছেন বিপুল জনপ্রিয়তা। দীর্ঘ পাঁচ বছরের বিরতি পেরিয়ে নন্দিত এই দুই তারকা ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন।
সুজিত বিশ্বাসের পরিচালনায় ‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নামের একটি নতুন একক নাটকে অভিনয় করেছেন তাঁরা। এই নাটকে দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিম ও ফারুক আহমেদকে। বড় ভাই হিসেবে বিভিন্ন অদ্ভুত কাণ্ডকারখানা ঘটান ফারুক আহমেদ, যার ফলশ্রুতিতে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে প্রতিনিয়ত তর্কে জড়িয়ে পড়েন তিনি।
দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করা প্রসঙ্গে প্রবীণ অভিনেতা ফারুক আহমেদ জানান, অনেক দিন পর দুইজনের মনের মতো এবং চমৎকার একটি গল্পে কাজ করার সুযোগ হয়েছে। ফলে দারুণ আনন্দ নিয়ে নাটকের শুটিং সম্পন্ন করেছেন তাঁরা। একই সঙ্গে সহশিল্পী মোশাররফ করিমের অভিনয়নৈপুণ্য এবং শুটিংয়ে নিষ্ঠার প্রশংসা করেন তিনি।
নির্মাতা সুজিত বিশ্বাস জানান, নাটকে দুই মূল তারকার পাশাপাশি আরও অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ ও নূরে আলম নয়নসহ অনেকেই। সম্প্রতি গাজীপুরের পুবাইলের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির চিত্রধারনের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই নাটকটি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
