ঢাকা
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » উৎসবে মুখর মহানবমী, কুমারী পূজায় হাজারো ভক্তের সমাগম

উৎসবে মুখর মহানবমী, কুমারী পূজায় হাজারো ভক্তের সমাগম

নবপ্রকাশ ডেস্ক:

শ্রদ্ধা, ভক্তি ও ভাবগম্ভীর আবহমে শারদীয় দুর্গোৎসবে গতকাল সোমবার মহাষ্টমীর দিনে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল নেমেছিল। রাজধানীর গোপীবাগে শ্রীশ্রী রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপসহ দেশের নির্বাচিত কয়েকটি মণ্ডপে দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ ‘কুমারী পূজা’ অত্যন্ত সাড়ম্বরে উদযাপিত হয়েছে। মহাষ্টমীর আনুষ্ঠানিকতা ও সন্ধি পূজার পর আজ মঙ্গলবার উৎসবের পঞ্চম দিনে সারা দেশে পালিত হচ্ছে মহানবমী।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা সমাপ্ত করার নিয়ম রয়েছে। পূজা শেষে হোম, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে দেবীর বিদায়ের আগের দিনের আরাধনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

পাঁচ দিনের ঐতিহাসিক দীর্ঘ ছুটি

চলতি বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে তিন দিনের বিশেষ নির্বাহী ছুটি ঘোষণা করা হয়েছে, যা আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত বলবৎ থাকবে। এর পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার দুর্গাপূজায় দেশবাসী টানা পাঁচ দিনের এক ঐতিহাসিক ছুটির আমেজ উপভোগ করছেন।

ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

গতকাল মহাষ্টমীর রাতে রাজধানীর জাতীয় ঢাকেশ্বরী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

জগন্নাথ হলের মণ্ডপে রিজভী ও ভারতীয় হাইকমিশনার

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পালের উপস্থিতিতে রিজভী বলেন, “উৎসব সব সামাজিক ও সম্প্রদায়ের সীমারেখা অতিক্রম করে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিতে শেখায়। অসত্য ও দানবীয় শক্তিকে বিনাশ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল মর্মবাণী, যা সমগ্র মানবজাতির কল্যাণ বয়ে আনে।”

একই দিনে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সস্ত্রীক জগন্নাথ হল, গুলশান ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি বলেন, “পূজায় অঞ্জলি দেওয়ার প্রকৃত আধ্যাত্মিক অর্থ হলো নিজের ভেতরের অহংকারকে বিসর্জন দেওয়া এবং ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা।”

মির্জাপুরে রণদা প্রসাদ সাহার মণ্ডপে ব্রিটিশ হাইকমিশনার

এদিকে গতকাল বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার ঐতিহাসিক বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহাসহ ট্রাস্টের উর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন, “বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী সংকটে দীর্ঘদিন ধরে বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে রয়েছে যুক্তরায্য এবং আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

আজ মহানবমীর রাতে সারা দেশের পূজামণ্ডপগুলোতে দেবী দুর্গার ভোগ ও সন্ধ্যা আরতির বিশেষ আয়োজন রয়েছে। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে পাঁচ দিনব্যাপী এই উৎসবের।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে