ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ইতালিতে হামলার অভিযোগ, বাঁধনের বার্তা—

ইতালিতে হামলার অভিযোগ, বাঁধনের বার্তা—

বিনোদন ডেস্ক:

ইতালিতে অবস্থানকালে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর ভাষ্য অনুযায়ী, কয়েকজন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন এবং শারীরিকভাবেও হেনস্তা করেন।

গত সোমবার, ৭ সেপ্টেম্বর রাতে ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন বাঁধন। সে সময় তাঁর ভাইয়ের শিশুসন্তানও সেখানে উপস্থিত ছিল। ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ করেন তিনি।

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বাঁধন দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে এই ঘটনা ঘটানো হয়েছে।

বাঁধনের অভিযোগ, অভিযুক্তদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ, ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেন। তাঁকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয় বলেও তিনি জানান। একই সঙ্গে ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলেও অভিযোগ করেন অভিনেত্রী।

বাঁধনের ভাষ্য, পরিবারের সদস্যদের সঙ্গে পার্কে অবস্থান করার সময় কয়েকজন বাঙালি তাঁর কাছে এসে উত্তেজিত আচরণ করেন। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়, যার ফলে তাঁর পোশাক সম্পূর্ণ ভিজে যায়।

তিনি আরও জানান, ঘটনার সময় তাঁকে শারীরিকভাবে আঘাত করা হয় এবং তাঁর হাত থেকে মোবাইল ফোন ফেলে দেওয়া হয়। কানের পাশেও আঘাত পেয়েছেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি তাঁর ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাঁধন।

ঘটনার কিছু ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। ভিডিওগুলোতে কয়েকজনকে তাঁর দিকে তেড়ে যেতে এবং উত্তেজিত পরিস্থিতিতে ধস্তাধস্তি করতে দেখা যায়। সেখানে তাঁকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্যও করা হয়।

লাইভে বাঁধন স্পষ্টভাবে বলেন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন এবং কোনো ভয়ভীতি বা চাপ প্রয়োগ করে তাঁকে দমিয়ে রাখা সম্ভব নয়। তিনি জানান, পুরো বিষয়টি ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

বর্তমানে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে রয়েছেন বাঁধন। সেখানে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। গত ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্বপ্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে নির্বাচিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ছবিটিতে বাঁধনের পাশাপাশি অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু এবং সুনেরাহ্‌ বিনতে কামাল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে