ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » আশঙ্কাজনক অবস্থায় সংগীত পরিচালক ইবরার টিপু

আশঙ্কাজনক অবস্থায় সংগীত পরিচালক ইবরার টিপু

বিনোদন ডেস্ক:

দীর্ঘ দুই বছর ধরে কিডনি ক্যানসারের সাথে লড়াই করা দেশের খ্যাতনামা সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সম্প্রতি তাঁর মস্তিষ্কে (ব্রেইন) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় হাসপাতালে কাটানোর পর সম্প্রতি তাঁকে নিজ বাসায় ফিরিয়ে আনা হলেও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন ও হৃদয়বিদারক পোস্টে এই জনপ্রিয় শিল্পীর বর্তমান শারীরিক পরিস্থিতি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত গীতিকার কবির বকুল।

পোস্টে কবির বকুল লিখেছেন, “আমার ভাই, আমাদের সবার প্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু খুব অসুস্থ। গত প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারের সাথে লড়ছেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে। কিছুদিন আগে তাঁর ব্রেইন সার্জারিও হয়েছে। বেশ অনেক দিন হাসপাতালে থাকার পর এখন তাঁকে বাসায় ফিরিয়ে আনা হয়েছে।”

ইবরার টিপুর সহধর্মিণী, সংগীতশিল্পী বিন্দু কণার বরাত দিয়ে কবির বকুল জানান, হাসপাতালে যথাযথ চিকিৎসা না পাওয়ার শঙ্কা থেকে পরিবার অনেকটা জোর করেই তাঁকে বাসায় নিয়ে এসেছে। ভিডিও কলে কথা বলার সেই মুহূর্ত স্মরণ করে তিনি লেখেন, “একটু আগে ভিডিও কলে আমার সহধর্মিণী দিনাত জাহান মুন্নী কথা বলিয়ে দিলেন টিপুর সাথে। তাঁর সাথে শেষ দেখা হয়েছিল এ বছর রোজার ঈদে। তখন অসুস্থ শরীর নিয়ে নিউইয়র্কে আমাদের বাসায় এসেছিলেন তিনি। মারাত্মক অসুস্থ অবস্থাতেও মানুষটির চোখে-মুখে সেই চিরপরিচিত মায়া লেপ্টে আছে।” বহু দূরে অবস্থান করায় বন্ধুর জন্য চিকিৎসায় কার্যকর কিছু করতে না পারার বেদনায় তাঁর বুক ভেঙে আসছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ইবরার টিপুর সুর ও সংগীতায়োজনে বাংলা সংগীতাঙ্গনে অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় গান উপহার পেয়েছেন শ্রোতারা। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গান হলো— ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ক্রিকেটের অন্যতম জনপ্রিয় উদ্বোধনী গান ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’।

একজন মৃদুভাষী, সদাহাস্যোজ্জ্বল ও অত্যন্ত ভদ্র মানুষ হিসেবে সংগীতজগতে পরিচিত ইবরার টিপু। প্রিয় এই সহকর্মীর আকস্মিক এমন কঠিন শারীরিক লড়াইয়ে ব্যথিত হয়ে কবির বকুল তাঁর পোস্টে দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানিয়ে লিখেছেন, “সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ ভরসা।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে