ন্যাশনাল ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের রাবাব ফাতিমাকে আফগানিস্তানে তাঁর বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
তিনি কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন। দায়িত্ব পালনে নিবেদিত সেবার জন্য জাতিসংঘ মহাসচিব ওতুনবায়েভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জাতিসংঘ সদর দপ্তরের এক ঘোষণায় বলা হয়, জাতিসংঘ মহাসচিব ইউএনএএমএ’র উপ-প্রধান এবং ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী কানাডার জর্জেট গ্যানিয়নের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র উন্নয়নশীল দেশগুলোর (এসআইডিএস) জন্য উচ্চ প্রতিনিধি (ইউএন-ওএইচআরএলএলএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় ও আন্তর্জাতিক সিভিল সার্ভিসে তার তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
তার অভিজ্ঞতার পরিধিতে রয়েছে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, অ্যাডভোকেসি, কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন। বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
সে সময়ে তিনি ২০২০ সালে ইউনিসেফের নির্বাহী বোর্ডের সভাপতি এবং ২০২২ সালে ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২১ সালে ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।
২০২২ সালে তিনি জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের (ইউএন পিসবিল্ডিং কমিশন) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত প্রথম নারী হন। একই বছর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। এর আগে তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার কূটনৈতিক জীবনে নিউইয়র্ক, জেনেভা, বেইজিং ও কলকাতায় বাংলাদেশের মিশনে বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
এছাড়া তিনি ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার আঞ্চলিক উপদেষ্টা এবং জলবায়ু পরিবর্তন ও অভিবাসনবিষয়ক আঞ্চলিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ছিলেন তিনি।
আইওএমে যোগদানের আগে তিনি ২০০৬-২০০৭ সালে লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ের মানবাধিকার ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। রাবাব ফাতিমা যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মাতৃভাষা বাংলার পাশাপাশি তিনি ইংরেজিতে সাবলীল এবং হিন্দি ও উর্দু ভাষায়ও জ্ঞানসম্পন্ন।
